সুরমা টাইমস ডেস্কঃ জাতীয় সংসদে বাজেট আলোচনার মাঝেই এমপিদের আবাসিক সুবিধা নিয়ে নতুন দাবি তুললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। তিনি বলেছেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং দরজা জানালায় পর্দা নিশ্চিত করতে হবে।
বুধবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি স্পিকারের মাধ্যমে এসব দাবি জানান। মিজানুর রহমান বলেন, সংসদে বড় অঙ্কের বাজেট ও সম্পূরক বাজেট পাস হলেও এমপিদের আবাসিক ফ্ল্যাটে মৌলিক কিছু সুবিধা এখনো নিশ্চিত করা হয়নি।
তিনি বলেন, ফ্ল্যাটগুলোর দরজা জানালায় এখনো পর্দা লাগানো হয়নি, যা বসবাসের ক্ষেত্রে অস্বস্তিকর। একই সঙ্গে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার বিষয়ে আগে যে আলোচনা হয়েছিল, তা বাস্তবায়নের দাবি জানান তিনি।
তবে আবাসন সুবিধার দাবি তোলার পাশাপাশি বাজেট নিয়ে উদ্বেগও প্রকাশ করেন এই এমপি। তিনি বলেন, এবারের বাজেট শুধু বড় নয়, ঘাটতির পরিমাণও উল্লেখযোগ্য। এই ঘাটতি পূরণে সরকারকে দেশি ও বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে।
মিজানুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদেশি ঋণ পাওয়ার নিশ্চয়তা কমে গেলে এবং দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে ব্যাংক খাতে চাপ বাড়বে, এমনকি ঋণখেলাপি পরিস্থিতি আরও খারাপ হতে পারে।





