সুরমা টাইমস ডেস্কঃ সীমান্ত নিরাপত্তা জোরদারে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, মিয়ানমার সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বিএসএফের মাধ্যমে পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে। বাকিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি পুশইনের চেষ্টা বিজিবি প্রতিরোধ করেছে।
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, নিহতদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি ক্ষতিপূরণের কোনো চুক্তি নেই। তবে দ্বিপাক্ষিক আলোচনায় জবাবদিহি ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।





