চানাচুরের বাজেট! জনগণের বাজেটকে কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চানাচুরের বাজেট! জনগণের বাজেটকে কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Surma Times | Sylhet News

চানাচুরের বাজেট! জনগণের বাজেটকে কটাক্ষের জবাব দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ শ্রীমঙ্গল: “জনগণের জন্য যে বাজেটে সব ব্যবস্থা রেখেছি, সেটাকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।”

বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি বলেন, “অনেকে বলেছে এই বাজেট নাকি চানাচুরের মতো! সেই বাজেটকে তারা গণবিরোধী বলে।”

তিনি আরও বলেন, যে বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে, সেটাকে চানাচুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। যারা এই বাজেটের বিরোধিতা করে, তারা দেশে অশান্তি সৃষ্টি করলে ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি। এখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারা দেশে একযোগে কর্মসূচি শুরু করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই দেশের মালিক জনগণ। দেশের মানুষ সতর্ক থাকলে আমাদের আর কোনো চিন্তা নেই। দেশ এগিয়ে যাবে। আজ আমি জনগণের হাতেই দেশের নিরাপত্তা, উন্নয়ন ও ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম।”

তিনি উল্লেখ করেন, গত এক যুগ ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। ২০২৪ সালে জনগণ রক্ত দিয়ে সেই অধিকার ফিরিয়ে এনেছে। এখন মানুষ শান্তি, কাজ, কর্মসংস্থান, চিকিৎসা ও শিক্ষা চায়।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে ১২ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। আগামী এক বছরে প্রতি উপজেলায় অন্তত ৮ হাজার নারীকে ফ্যামিলি কার্ড, ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটা দল ছিলাম। সরকার গঠনের পর আমরা সব মানুষের সরকার। যারা ভোট দিয়েছে আর যারা দেয়নি, সবার জন্য কাজ করতে চাই।”

বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে চললে তারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে। যারা সরকারকে একদিনও সময় দিতে চায় না, তারা জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে কথা বলছে।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেএমএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এম. নাসের রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধানমন্ত্রীর এই সফর ও বক্তব্যকে কেন্দ্র করে সিলেট বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article