সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করে চমক তৈরি করেছে। সকালে ব্যস্ত সড়কে পুলিশের উপস্থিতির মধ্যেই ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের নবাব রোডে পিডিবি অফিসের সামনে থেকে শুরু হয়ে মদিনা মার্কেটমুখী এই মিছিলে অংশ নেন ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে পাশ দিয়েই পুলিশের একটি গাড়ি ছিল, তবে জনসমাগম বেশি থাকায় তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া যায়নি।
মিছিল শেষে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে আটক করে। আটকরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র বলছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নির্দেশে এই মিছিল হয়েছে। মিছিলে তার ছবি সংবলিত ব্যানার দেখা গেলেও তিনি নিজে উপস্থিত ছিলেন না। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং তাদের ভাষায় ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করছেন এবং পুলিশের গাড়ির পাশ দিয়েই নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।





