সুরমা টাইমস ডেস্কঃ প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, নতুন বাজেটে জনগণের উপর করের চাপ বাড়িয়ে সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেল ৪টায় নগরীর সুরমা পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে জেলা কমিটির অন্যতম নেতা রুহুল আমিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাষ্ট্রব্যবস্থায় প্রণীত বাজেটগুলো ধারাবাহিকভাবে জনস্বার্থবিরোধী হয়ে আসছে। তাদের দাবি, বর্তমান সরকারও পূর্ববর্তী সরকারের মতোই সাম্রাজ্যবাদী শক্তি, বিশেষ করে মার্কিন স্বার্থ রক্ষায় বাজেট প্রণয়ন করেছে, যার ফলে সাধারণ মানুষ পড়বে চাপে।
সমাবেশে আরও বলা হয়, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন কিংবা বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনা নেই। কৃষিখাতে মজুতদারি ও কৃত্রিম সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বাজেটের আকার বৃদ্ধি ও ভর্তুকি কমানোর ফলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের উপর ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্ন করের চাপ আরও বাড়বে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে এবং সামাজিক বৈষম্য তীব্রতর হবে।
তারা আরও বলেন, বাজেট ঘাটতি মেটাতে দেশি-বিদেশি উৎস থেকে বিপুল ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
সমাবেশ থেকে প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করা হয় এবং শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে গণমুখী বাজেট প্রণয়নের দাবি জানানো হয়।





