দেশীয় অস্ত্র নিয়ে ফেসবুক লাইভ, গোলাপগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

দেশীয় অস্ত্র নিয়ে ফেসবুক লাইভ, গোলাপগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

দেশীয় অস্ত্র নিয়ে ফেসবুক লাইভ, গোলাপগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুক লাইভে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাসেল আহমদ (২৫), নাইম আহমদ (২৭) এবং শাকিল আহমদ (২৭)। রাসেল ও নাইম রণকেলী উত্তর গ্রামের বাসিন্দা। শাকিল গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়ার শাহেদ আহমদের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। ওই দৃশ্য ভিডিও করে ফেসবুকে লাইভ ও প্রচার করা হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান শুরু হয়।

এর ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রণকেলী উত্তর এলাকায় অভিযান চালিয়ে রাসেল ও নাইমকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমগাছতলা এলাকা থেকে শাকিলকে আটক করে পুলিশ।

গোলাপগঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ফেসবুকে লাইভ করে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ আরও জানিয়েছে, নাইম আহমদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ছয়টি মামলা রয়েছে। শাকিল আহমদের বিরুদ্ধেও ছিনতাই, অস্ত্রবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা আছে।

ওসি আরও বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article