
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লোলগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
রোববার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশের বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি।
কল্লোলগ্রামের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত ছিল। সঠিক পরিকল্পনার মাধ্যমে রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
তিনি পূর্ববর্তী সিটি করপোরেশন প্রশাসনের সমালোচনা করে বলেন, উন্নয়নের নামে দলীয়করণ ও অনিয়ম হয়েছে, যার ফলে নগরবাসী প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের স্বস্তির জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর প্রত্যাহারের মতো সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
সমাজসেবী আমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বীয়ান ও বিপুল সংখ্যক তরুণ অংশ নেন।





