নবীগঞ্জে তরুণদের আইডিয়া ঝড়, স্টার্টআপ ও বিজ্ঞান মেলায় তাক লাগালো শিক্ষার্থীরা

নবীগঞ্জে তরুণদের আইডিয়া ঝড়, স্টার্টআপ ও বিজ্ঞান মেলায় তাক লাগালো শিক্ষার্থীরা - Surma Times | Sylhet News

নবীগঞ্জে তরুণদের আইডিয়া ঝড়, স্টার্টআপ ও বিজ্ঞান মেলায় তাক লাগালো শিক্ষার্থীরা - Surma Times | Sylhet Newsনবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে দিনব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং সাপোর্ট সিস্টেমের আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে দর্শনার্থীদের নজর কাড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহনাজ ইসলাম এবং নবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল আলম।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, স্মার্ট কৃষি, জ্বালানি সাশ্রয়, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনের সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরে। তাদের সৃজনশীল উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের প্রশংসা অর্জন করে।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article