৪৪ বছরের ইমামতির অবসানে রাজকীয় বিদায়! ছাতকে কবির আহমদকে স্মরণীয় সংবর্ধনা
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলায় দীর্ঘ ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে এলাকাবাসীর পক্ষ থেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মৌলভী কবির আহমদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আবেগে ভরা এই অনুষ্ঠানে এলাকার হাজারো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গত ১২ জুন শুক্রবার জুমার নামাজের পর খাইরগাঁও (রামপুর) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরব্বি নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুল লতিফ ও ফারুক আহমদ।
প্রধান অতিথি ছিলেন দক্ষিণ ছাতকের কৃতি সন্তান ও পালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা শাহাব উদ্দিন সালেহী। রামপুর, কল্যাণপুর, জটি, পালপুর, মুক্তারপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষক ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একজন ইমাম শুধু নামাজ পড়ান না, তিনি সমাজের নৈতিক ও ধর্মীয় পথপ্রদর্শক। মৌলভী কবির আহমদ ৪৪ বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে গেছেন। ইসলামের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন মৌলভী কবির আহমদ। তিনি বলেন, “৪৪ বছরে শুধু রামপুর নয়, আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি। অসুস্থতার সময় আপনারা চিকিৎসার খরচ বহন করেছেন, ওমরা পালনে সহযোগিতা করেছেন। এই ভালোবাসা আমি কখনো ভুলব না।”
প্রধান অতিথি মাওলানা শাহাব উদ্দিন সালেহী বলেন, “মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই সবচেয়ে বড় অর্জন। মৌলভী কবির আহমদ সেই সম্মান অর্জন করেছেন। তাঁর জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান শেষে গ্রামবাসীরা গাড়িযোগে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেন। পথের দু’ধারে দাঁড়িয়ে অনেকে শুভেচ্ছা জানান।
স্থানীয়রা বলছেন, একজন ইমামের প্রতি এমন ভালোবাসা ও সম্মান বিরল। দীর্ঘ ৪৪ বছরের নিরলস দ্বীনি খেদমতের স্বীকৃতি হিসেবে এই সংবর্ধনা এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।






