নিজস্ব প্রতিবেদক, কুলাউড়াঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুজিব আলীর মরদেহ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শুক্রবার বিকেলে ৬-৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল ভারতীয় চোরাকারবারীদের সহযোগিতায় সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে লখাইরচর এলাকায় প্রবেশ করে। লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে মুজিব আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর অন্য সদস্যরা বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যায়। প্রাথমিক তথ্য অনুসারে, নিহত মুজিব আলী আগেও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে মুজিব আলী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ মরদেহ হস্তান্তর করেছে। লাশ গ্রহণের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে দুই দেশের সমন্বিত তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।





