
সুরমা টাইমস ডেস্কঃ সীমান্তে পুশইন ও হত্যার অভিযোগে সিলেটজুড়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার ও জকিগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকারের প্রতি কড়া বার্তা দিয়েছেন জামায়াত নেতারা।
জৈন্তাপুরে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না। তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারত জোরপূর্বক পুশইন করছে এবং বিএসএফ নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
তিনি বিজিবির ভূমিকার প্রশংসা করে বলেন, সীমান্ত রক্ষায় বাহিনীটি দিনরাত কাজ করছে এবং স্থানীয় জনগণও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
কোম্পানীগঞ্জে পৃথক সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, অবিলম্বে সীমান্তে পুশইন ও হত্যা বন্ধ করতে হবে, নতুবা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সুরে অন্যান্য নেতারাও কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন।
গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা সীমান্তে চলমান ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বিয়ানীবাজার ও জকিগঞ্জেও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, সীমান্তে অব্যাহত পুশইন ও হত্যাকাণ্ড দেশের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতিতে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে, অন্যথায় জনগণ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।





