আর ছিনিমিনি নয়” কড়া হুঁশিয়ারি চরমোনাই পীরের

আর ছিনিমিনি নয়” কড়া হুঁশিয়ারি চরমোনাই পীরের - Surma Times | Sylhet News

আর ছিনিমিনি নয়” কড়া হুঁশিয়ারি চরমোনাই পীরের, আইনশৃঙ্খলা ভাঙনে ক্ষোভ, আন্দোলনের ইঙ্গিত - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সম্মেলনে তীব্র ভাষায় সরকারের সমালোচনা করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর সারদা হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিশু রামিসা ও সিলেটের চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ ও হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, এসব বিচ্ছিন্ন নয় বরং ধারাবাহিকভাবে ঘটছে, যা সমাজে আতঙ্ক তৈরি করছে।

তিনি অভিযোগ করেন, সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় ঢোল, তবলা ও নৃত্য শেখানোর উদ্যোগ বন্ধের দাবি জানিয়ে বলেন, তা না হলে পূর্বের মতো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চরমোনাই পীর বলেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, অথচ সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বড় ঘাটতি রয়েছে, যা পূরণে দেশি বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হবে।

তিনি আরও বলেন, বাজেট ঘোষণার আগেই জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, ফলে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে জনজীবনে চাপ বাড়ছে। সরকার উন্নয়নের কথা বললেও মানুষের চারিত্রিক উন্নয়নের বিষয়ে কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাজে শান্তি ফিরিয়ে আনতে হযরত মুহাম্মদ স. এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চরিত্রবান, আল্লাহভীরু ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহর পরিচালনায় সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article