সুরমা টাইমস ডেস্কঃ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সাজা ভোগ শেষে ৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠায়। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট জেলে দীর্ঘদিন সাজা ভোগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন:
- সুনামগঞ্জ সদরের নইগাঁওয়ের মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ
- টুকের বাজারের মানিক আহমেদ
- চানপুরের মোঃ সুহেল আহমেদ
- বনগাঁওয়ের মো. আল আমিন
- শাল্লার শ্রীহাইয়ের বাদশাহ মিয়া
- গোয়াইনঘাটের সংগ্রামপুঞ্জির রেস্টলি ব্লাহ
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের গ্রহণ করা হয়। পরে সবাইকে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।





