সিলেটে স্বামীর বর্বরতা: দা দিয়ে কুপিয়ে স্ত্রী ও শাশুড়িকে গুরুতর জখম

সিলেটে স্বামীর বর্বরতা: দা দিয়ে কুপিয়ে স্ত্রী ও শাশুড়িকে গুরুতর জখম - Surma Times | Sylhet News

ছানু-মিয়া - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর এলাকায়।

আহতরা হলেন রেশমা বেগম (৩০) ও তার মা আজিরুন বেগম (৬৫)। অভিযুক্ত ছানু মিয়া (৩৫) রেশমা বেগমের স্বামী। স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছানু মিয়াকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছানু মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে। কয়েক বছর আগে রেশমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও পরে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। রেশমা বেগম সন্তানদের নিয়ে ওসমানীনগরের তাজপুর স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

রবিবার রাতে ছানু মিয়া দুই সন্তানকে নিয়ে স্ত্রীর ভাড়া বাসায় যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে ছানু মিয়া দা দিয়ে স্ত্রী রেশমা ও শাশুড়ি আজিরুন বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল হাসান ভূইয়া জানান, “স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ির ওপর হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়। সোমবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র। পুলিশ বলছে, মামলা দায়েরের পর তদন্ত চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article