ছাত্রদলের হামলায় মঞ্চ ভাঙচুর! এনসিপির ঈদ পুনর্মিলনীতে উত্তেজনা
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় বেশ কয়েকজন এনসিপি নেতা-কর্মী আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেলে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে অভিযোগ। এনসিপি নেতারা জানান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালায়। আগের রাতেও একই স্থানে প্যান্ডেল ছিঁড়ে ফেলা হয়।
হামলার পর মঞ্চে দাঁড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আমাদের আর কোনো নেতা-কর্মীর ওপর হামলা হলে আমরা রাজনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসব। আমরা জানি কীভাবে সন্ত্রাসীদের শায়েস্তা করতে হয়।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “রূপগঞ্জে হামলার পুনরাবৃত্তি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করব, হু আর ইউ? তোমার আমলে আমার ভাইয়ের রক্ত ঝরছে। তুমি সংবিধানের নামে বাটপারি করছো।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গণঅভ্যুত্থানের আগে ও পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রক্তের বিনিময়ে হলেও সংস্কার বাস্তবায়ন করব। আওয়ামী লীগের বিচারও করব। হাসিনার গুণ্ডাপাণ্ডাকে আমরা ঠান্ডা করেছি, নতুন কোনো গুণ্ডাকে ভয় পাই না।”
জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তারপরও এ ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনব।”
এ সময় এনসিপি জেলা আহ্বায়ক যুবায়ের সরদার ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান উপস্থিত ছিলেন। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।





