নবাব সলিমুল্লাহর কবরে হাঁটু পানি! জাতির লজ্জা, সরকারের দায়

নবাব সলিমুল্লাহর কবরে হাঁটু পানি! জাতির লজ্জা, সরকারের দায় - Surma Times | Sylhet News

নবাব সলিমুল্লাহর কবরে হাঁটু পানি! জাতির লজ্জা, সরকারের দায় - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ ঢাকার বেগমবাজারে নবাব পরিবারের পারিবারিক কবরস্থানে হাঁটু পানিতে শুয়ে আছেন আধুনিক ঢাকার রূপকার, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহ। এই দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসে উঠেছে বাংলাদেশ মুসলিম লীগ। নেতারা বলছেন, এটা শুধু একজন মানুষের কবর নয়, এ লজ্জা পুরো জাতি ও রাষ্ট্রের।

নবাব সলিমুল্লাহর ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১০টায় বেগমবাজারের কবরস্থানে জিয়ারত করেন দলের নেতৃবৃন্দ। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দলের মহাসচিব কাজী আবুল খায়ের বলেন, “নিপীড়িত বাঙালি মুসলমানের মুক্তির দূত, ভারত বিভক্তির নেতৃত্বদানকারী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, দানবীর ও সমাজ সংস্কারক নবাব সলিমুল্লাহ নিজেকে জাতির কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন। অথচ আজ তাঁর কবর হাঁটু পানিতে ডুবে আছে। এ লজ্জা জাতির, এ দায় সরকারের।”

তিনি অবিলম্বে নবাব সলিমুল্লাহর কবর সংস্কার ও ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণে সরকারের যথাযথ উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান।

উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি সৈয়দ আব্দুল হান্নান নূর, নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কাজী এ.এ. কাফী, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনি, শফিকুল ইসলাম জাবেদ, আব্দুল আলিমসহ নবাব পরিবারের সদস্য খাজা ইমরান এবং অন্যান্য অতিথিরা।

নেতারা বলেন, নবাব সলিমুল্লাহ শুধু ঢাকা শহরের আধুনিকায়ন করেননি, তিনি এ অঞ্চলের মুসলমানদের রাজনৈতিক সচেতনতা গড়ে তুলেছিলেন। অথচ স্বাধীন বাংলাদেশে তাঁর অবদান যথাযথ সম্মান পায়নি। কবরের এমন করুণ অবস্থা দেখে প্রশ্ন উঠেছে—ঐতিহ্য সংরক্ষণে আমরা আসলেই কতটা আন্তরিক?

মুসলিম লীগ নেতৃবৃন্দের দাবি, সরকার যেন দ্রুত কবরস্থানের সংস্কার করে নবাব সলিমুল্লাহকে তাঁর প্রাপ্য মর্যাদায় ফিরিয়ে আনে। জাতির পিতৃপুরুষদের প্রতি এমন অবহেলা আর চলতে দেওয়া যায় না।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কবরের এই দশা কতদিন চলবে?

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article