বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে সীমা বেগম (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের নিজ বাড়ির পাশে নির্মাণাধীন ঘরের বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সীমা বেগম শ্রীপুর গ্রামের ময়না মিয়ার মেয়ে। তিনি কোরআনে হাফেজ ছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সীমা।
নিহতের বড় ভাই লাহিন মিয়া বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। তাকে সুস্থ করতে অনেক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার দিন সন্ধ্যাতেও তাকে সিলেট শহরের এক চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এ ঘটনায় আমাদের পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটি আত্মহত্যা।”
নিহতের ফুফাতো বোন ও রামপাশা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার আঙ্গুরা বেগমও একই কথা বলেন। তিনি বলেন, “সীমা মানসিক সমস্যার কারণে প্রায়ই রাতে ঘরের বাইরে চলে যেত। আমরা সবসময় তাকে চোখে চোখে রাখতাম।”
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





