সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ছয়টায় সুরমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন এসআই মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় ফোর্সসহ।
গ্রেফতারকৃত যুবকের নাম সুমন আহমদ (২৩)। তার বাবার নাম হেলাল মিয়া ও মায়ের নাম তহুরা বেগম। স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপন (জয় বাংলাবাজার) গ্রাম। বর্তমানে সিলেট সদরের শামীমাবাদ এলাকায় (লিচু মিয়ার কলোনী) থাকতেন।
পুলিশ জানিয়েছে, সুমন শুধু ছিনতাইয়ের সঙ্গে জড়িত নয়, সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায়ও তদন্তে সন্দিহান আসামি। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মামলার নম্বরগুলো হলো- ১৪(০৪)২০১৫, ০৩(০২)২০২৫, ৫২(০১)২০২৫, ৪২(০১)২০২৫, ৯(০৮)২০২৪, ১১(০৭)২০২৪ ও ৪৫(১০)২০২২।
অভিযানে তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এডিসি (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের নিয়মিত অভিযান চললে শহরের ছিনতাই ও অপরাধ কমবে। পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকুক বলে আশা করছেন সচেতন নাগরিকরা।





