নবীগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর ভৈরবানন্দ মহাশক্তি দেবালয় মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস।
সনাতন সংঘের আয়োজনে গতকাল বুধবার (৩ জুন) দিনরাতব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হয় ভজন-কীর্তন। মিঠাপুর কিশোর-কিশোরী স্থাপন প্রকল্পের শিক্ষক মন্টি ঠাকুরের পরিচালনায় কিশোর-কিশোরীরা ভজন সংগীত পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
রাত সাড়ে ১০টায় সংগীত পরিবেশনকারী কিশোর-কিশোরীদের হাতে সম্মাননা ক্রেস্ট, খাতা ও কলম তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় সাংবাদিক বুলবুল আহমেদকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জামালগঞ্জ থেকে আগত আশা রানী দাশ ও তাঁর কীর্তন দলের পরিবেশনায় শেষ রাত পর্যন্ত চলে কীর্তন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গ লাল রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
মিঠাপুর সনাতন সংঘের সভাপতি মিহির কান্তি আচার্য্য, সাবেক সভাপতি আশুতোষ চক্রবর্তী বন্ধন, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র দেবনাথসহ সংঘের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভক্তদের আগমনে মন্দির চত্বর সারাদিনই ছিল উৎসবমুখর। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি ভক্তিমূলক সংগীতের মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।





