সুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের আগেই দেশবাসীর সামনে একটি অঙ্গীকার হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
এ মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পাশাপাশি আট সদস্যবিশিষ্ট আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের উন্নতি ঘটবে। বিশেষ করে বন্যা ও খরা নিয়ন্ত্রণে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় তিস্তা নদীর পানি বণ্টন, সাইড চ্যানেল বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সব সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।





