হবিগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ, আহত ২৫ - Surma Times | Sylhet News

হবিগঞ্জে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষ আহত ২৫হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কাশিপুর খেলার মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আর্জেন্টিনা সমর্থিত দল ৩-২ গোলে জয় পায়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকরা বিজয় উদযাপন করলে ব্রাজিল সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এলাকার প্রবীণ ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে ম্যাচের ফল নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র থাকে।

এরই জেরে বুধবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ আরও জানায়, সংঘর্ষে ব্রাজিল সমর্থকদের পক্ষে কাশিপুর গ্রামের ওলি মিয়া এবং আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে তার চাচাতো ভাই ফারুক মিয়া নেতৃত্ব দেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিবেশ নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article