দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান

দেশ ভালো নেই, সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান - Surma Times | Sylhet News

সিলেট মহানগর জামায়াতের সুধী সমাবেশে তীব্র সুর

সিলেট মহানগর জামায়াতের সুধী সমাবেশে তীব্র সুরসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশ ও জনগণ ভালো নেই। তাঁর অভিযোগ, শিশু ধর্ষণ, হত্যা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ সরকার ব্যস্ত রাষ্ট্রযন্ত্রে দলকানা লোক বসাতে।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটারকে অপমান করেছে।

সমাবেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, ব্যাংক খাতে সংকট, ইসলামী ব্যাংক দখলের চেষ্টা, জ্বালানী তেলের দাম বাড়ানো এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দলকানা লোক বসানোর মধ্য দিয়ে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। তাঁর দাবি, জনগণকে অবমূল্যায়ন করলে তার ফলও সরকারকেই ভোগ করতে হবে।

তিনি বলেন, সরকার ভালো করলে জামায়াত সহযোগিতা করবে, কিন্তু মন্দ করলে প্রতিবাদ করবে এবং বাধা দেবে। একই সঙ্গে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুধী সমাজকে জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, নব্য ফ্যাসিবাদের পথ থেকে সরকারকে সরে আসতে হবে, না হলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। সমাবেশে জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতের আন্দোলন অব্যাহত রাখার কথাও তুলে ধরা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article