বর্ষীয়ান রাজনীতিবিদ, স্বাধীন বাংলাদেশের নির্মাণসংশ্লিষ্ট অন্যতম রূপকার এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’। সংগঠনটি তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে।
এক যৌথ শোকবার্তায় ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি ডা. অরুণ কুমার দেব এবং সাধারণ সম্পাদক মকসুদ হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ষাটের দশকের ছাত্র রাজনীতি, ’৬৯ এর গণঅভ্যুত্থান এবং স্বাধীন বাংলাদেশ গঠনে তোফায়েল আহমেদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তাঁকে জাতীয় রাজনীতির এক কিংবদন্তি হিসেবে অভিহিত করেন।
ফোরামের নেতারা তোফায়েল আহমেদের জানাজায় উগ্র বিশৃঙ্খলা, পুলিশী হামলা এবং নেতাকর্মীদের আটকে রাখার ঘটনার তীব্র নিন্দা জানান। তাদের ভাষায়, একজন জাতীয় নেতার বিদায়লগ্নে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকারের সময়ও শীর্ষ বিরোধী নেতাদের জানাজায় এ ধরনের আচরণ দেখা যায়নি। তাই বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে সংগঠনটি। -বিজ্ঞপ্তি





