সিলেটে হিন্দু ব্যবসায়ীর ওপর হামলা-লুট, কল্যাণ ফ্রন্টের তীব্র নিন্দা

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরের শিবগঞ্জ সেনপাড়ায় হিন্দু ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসের ওপর হামলা ও দোকানপাট লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। ঘটনার পর সংগঠনের নেতারা হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ীর খোঁজখবর নেন।

রোববার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন খগেন্দ্র দাসকে দেখতে যান জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, মিথ্যা অপবাদ ছড়িয়ে পরিকল্পিতভাবে একটি উচ্ছৃঙ্খল জনতা তৈরি করে একজন নিরীহ ব্যবসায়ীর ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। এতে শুধু একজন ব্যক্তি নয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত এসেছে।

তারা অভিযোগ করেন, একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সিসিটিভি ফুটেজসহ সব তথ্য যাচাই করে প্রকৃত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিরীহ কাউকে হয়রানি না করারও দাবি জানান তারা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর শাখার আহ্বায়ক সমিরণ পুরকায়স্থ, যুগ্ম সিনিয়র আহ্বায়ক তুহিন নাগ, সদস্য সচিব রাজিব কুমার দে, জেলা শাখার সদস্য বিপি দেব শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share This Article