সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে দেওয়া মন্তব্য ঘিরে সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাম্প্রতিক একটি পডকাস্টে দেওয়া তার মন্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কোথাও কোথাও তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, মন্তব্যগুলো ছিল একান্তই তার ব্যক্তিগত মতামত, যা সরকারের কোনো নীতিগত অবস্থান নয়।
ববি হাজ্জাজ বলেন, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণাভিত্তিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা অবদানকে খাটো করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তিনি।
উচ্চশিক্ষা খাতের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, গবেষণার ঘাটতি, রাজনৈতিক প্রভাব এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। পাশাপাশি প্লেজারিজমসহ অনৈতিক একাডেমিক চর্চার সমালোচনাও করেন তিনি।
তিনি উল্লেখ করেন, পডকাস্টটি ছিল অনানুষ্ঠানিক আলোচনা, ফলে বক্তব্য কাঠামোবদ্ধ ছিল না। আনুষ্ঠানিক পরিসরে হলে উপস্থাপন ভিন্ন হতো বলেও জানান তিনি।
সবশেষে তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত এবং পুরো বক্তব্যই প্রত্যাহার করছেন। ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো ভুল বোঝাবুঝি না হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

