সিলেটে গরীবদের মাঝে সরকারি ঈদ সহায়তা বিতরণ, স্বচ্ছতার দাবি এমপি মাহফুজার

সুরমা টাইমস ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটে গরীব ও দুস্থ মানুষের মাঝে সরকারি অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান।

মঙ্গলবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের আমানত সঠিকভাবে তাদের হাতে পৌঁছে দেওয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব। ঈদ উপলক্ষে বরাদ্দকৃত সরকারি সহায়তা শতভাগ স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে, যেখানে ধনী-গরিবের বৈষম্য থাকবে না এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সীমিত বরাদ্দের মধ্যেও প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, মহানগর এলাকার ৩০০ জন গরীব ও দুস্থ নারী-পুরুষের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ড. নুরুল ইসলাম বাবুল, সাহিমা খানম হেপি, ফৌজিয়া রহমান শিউলী ও জাহেদুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ফখরুল ইসলাম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন খাতে অনিয়মের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে জামায়াত কাজ করে যাচ্ছে।

Share This Article