জুলাই শহীদদের আকাঙ্খা পূরণে
জামায়াতের প্রচেষ্টা অব্যাহত থাকবে
— মুহাম্মদ ফখরুল ইসলাম
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাহজাহানের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ঈদকে সামনে রেখে পরিবারের খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াত কাজ চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই সনদ উপেক্ষা করে শহীদ ও আহতদের সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই জামায়াত সারাদেশে শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। ঈদুল আজহা সামনে এলেও শহীদ পরিবারের মাঝে আনন্দ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রিয়জন হারানোর বেদনা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পারে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রের উচিত ছিল শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো, কিন্তু সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জামায়াত এ ক্ষেত্রে তাদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এসময় সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

