সুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলার সোনাতলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। সোমবার (২৫ মে) দুপুরে দলটির নেতারা ফাহিমার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঈদ উপলক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। সহায়তা গ্রহণ করেন ফাহিমার বাবা রায়ছুল হক ও মা রুবেনা বেগম।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মো. শাহজাহান আলী, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সেক্রেটারি প্রিন্সিপাল আল ইমরান, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মনাফ এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল কাইয়ুম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাজী কলমদর আলী, আনসার আহমদ, মাওলানা আব্দুল্লাহ ও রহিম উল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিশু ফাহিমার ওপর নৃশংসতা গোটা জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। তিনি বলেন, এমন বর্বরতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের অনেকেই মাদকসেবী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।
তিনি আরও বলেন, ফাহিমা হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র দাখিল না হওয়া দুঃখজনক। আদালত খোলার প্রথম কার্যদিবসেই অভিযোগপত্র দাখিলের দাবি জানান তিনি। পাশাপাশি দেশের অন্য কিছু আলোচিত মামলার দ্রুত অগ্রগতির উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, ফাহিমা হত্যার মামলায় ধীরগতি কেন।
বক্তব্যে তিনি সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক সময়ে ছিনতাই, মাদক ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শিশু ফাহিমা ও র্যাব সদস্য ইমন হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার দাবি জানান জামায়াতের এই নেতা।

