সিলেটে একদিনে ১২ প্রাণহানি: মৃত্যুর মিছিলে বিভাগ স্তব্ধ

পানিতে ডুবে দুই শিশু, বজ্রপাতে দুজন, র‌্যাব সদস্য নিহত, হামে পাঁচ শিশু ও মায়ের হাতে কন্যাশিশু হত্যা

ডেস্ক রিপোর্ট: একদিনেই মৃত্যুর বিভীষিকায় ডুবে গেল সিলেট বিভাগ। শুক্রবার (২২ মে) পৃথক পৃথক ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনা, বজ্রপাত, সংঘর্ষ, রোগ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো অঞ্চলজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনের সর্বশেষ ঘটনায় জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুর খালে পানিতে ডুবে মারা গেছে চাচাতো ভাই-বোন মুন্না (৭) ও রাফা (৬)। বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত খালে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছাদ থেকে পড়ে গৃহকর্মী কিশোরীর মৃত্যু

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন ১৪ বছর বয়সী গৃহকর্মী হালিমা বেগম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা হালিমা দীর্ঘদিন ধরে স্থানীয় আমিনুল ইসলামের বাসায় কাজ করছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে মারা যান কৃষক তালেব মিয়া (৪০)। একই দিন কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চা বাগান এলাকায় রাবার বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান স্বপন মুন্ডা।

ছিনতাইকারী ধরতে গিয়ে র‌্যাব সদস্য নিহত

সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য। দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টায় তিনি মারা যান। পুলিশ পরে হত্যাকারীকে গ্রেপ্তার করে।

হামে একদিনে পাঁচ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম রোগের প্রকোপে শুক্রবার একদিনেই পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে ২৮৩ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন ভর্তি হয়েছেন।

মায়ের হাতে কন্যাশিশু হত্যা

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে। ভোর ৫টার দিকে সুবিনা বেগম নামে এক নারী তার এক বছর আট মাস বয়সী মেয়ে মাইমুনা জান্নাত তোহার গলা কেটে হত্যা করেন। বাবা মসজিদে নামাজে গেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মাকে গ্রেপ্তার করে।

একদিনে এতগুলো মর্মান্তিক ঘটনায় সিলেটজুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।