ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ২৩ এপ্রিল সংহতি সমাবেশ সফল করুন

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ২৩ এপ্রিল সংহতি সমাবেশ সফল করুন - Surma Times | Sylhet News

yy

সুরমা টাইমস ডেস্ক :

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৩ এপ্রিল বুধবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংহতি সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশ, সিলেট জেলার পক্ষ থেকে সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ১৬ এপ্রিল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, ২৩ এপ্রিল ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সংহতি সমাবেশে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

এদিকে ২৩ এপ্রিল মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ১৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্হ নজরুল একাডেমীতে ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশ, সিলেট জেলার একসভা অনুষ্ঠিত হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল, স্থপতি রাজন দাশ,উদীচী জেলা সভাপতি প্রদীপ দেব রায়,

 

বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিশিষ্ট সাংবাদিক ইয়াহিয়া ফজল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ নেতা উজ্জ্বল রায়, সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়,

 

বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,উদীচী সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ,ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম, প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদের নেতৃত্বে ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং তেল সম্পদের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে ‘ইসরায়েল’ নামক একটি কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্রের সৃষ্টি করে।

 

৭ হাজার কিলোমিটার দিয়ে শুরু হলেও ক্রমাগত ফিলিস্তিনের জায়গা দখল করে চলেছে ইসরাইয়েল সরকার। ইতিমধ্যেই গাজার অর্ধেক ভূমি দখল করে নিয়েছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী দুনিয়া অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে দানবে পরিণত করেছে।

 

সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত, ১১ হাজার নিখোঁজ এবং ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। লক্ষ লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে।

 

জাতিসংঘের তথ্য মতে গাজায় ইতিমধ্যে প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংশ বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২২ লক্ষ ফিলিস্তিনকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে চলে যেতে বলেছে এবং গাজা আমেরিকাকে দিয়ে দিতে বলেছে‌‌‌।

 

সভায় বক্তারা বলেন, এটি মুসলমান বনাম ইহুদিদের যুদ্ধ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে ও ইসরাইলি জায়েনবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলেও ব্যাপক বিক্ষোভ চলছে।

 

ইসরায়েলের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন গনতান্ত্রিক শক্তি ও ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে। বর্তমান বিশ্বে একজন অগ্রগণ্য পদার্থবিদ যিনি ইহুদি তিনিও গাজায় ইসরাইয়েলি গণহত্যার প্রতিবাদ করেছেন।

 

ইসরাইলের পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সদস্য দাঁড়িয়ে নেতানিয়াহুকে সিরিয়াল কিলার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

 

একদিকে ধর্ম-বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে। অন্যদিকে মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ কতিপয় মুসলিম দেশ জায়নবাদী ইসরাইল রাষ্ট্রের সাথে এখনও কূটনৈতিক সম্পর্ক রেখেছে। এটি অত্যন্ত লজ্জাজনক।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article