সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেট, ২৮ নভেম্বর: সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা-পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ও শনিবার (২৮ নভেম্বর) ভোরে জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মো. রাসেল আলী (৪৬) এবং মইয়ারচর এলাকার ইহতেশাম আহমদ মাআজ (২৩)। রাসেল আলী সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। অন্যদিকে, ইহতেশাম আহমদ মাআজ সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে রাসেল আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি জালালাবাদ থানায় ২০২৪ সালে দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি।

অন্যদিকে, শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ইহতেশাম আহমদ মাআজকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে ২০২৬ সালে দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি।

পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা, নতুন সদস্য সংগ্রহ এবং গোপন বৈঠকের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তারা। এ ছাড়া সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে উসকানি ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগরীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য সংগ্রহ ও সাংগঠনিক তৎপরতার বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article