সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচে র‌্যাবের অভিযান, তিন পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচে র‌্যাবের অভিযান, তিন পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচে র‌্যাবের অভিযান, তিন পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ৫ সেপ্টেম্বর: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহন প্রতিষ্ঠানের মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল রাত আনুমানিক ৯টা থেকে ১১টা পর্যন্ত মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান চালায়। অভিযানে অনুমোদন ছাড়াই বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলে। এর ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বেঙ্গল পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং আরও একটি পরিবহন প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা, সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত মোটরযানের কারিগরি, অভ্যন্তরীণ বা বাহ্যিক কাঠামো এবং আসন বিন্যাসে পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতিতে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া চেয়ার কোচের আসন অপসারণ করে স্লিপার বা বেড স্থাপন, আসন বিন্যাস পরিবর্তন কিংবা বাসের অনুমোদিত শ্রেণি বদলে যাত্রী পরিবহন করা আইন ও বিধির সরাসরি লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে কতিপয় পরিবহন মালিক এসব বিধিনিষেধ উপেক্ষা করে চলছেন বলে জানিয়েছে র‌্যাব। এই প্রবণতা রুখতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছিল, যার ধারাবাহিকতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-৯ জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকিট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধী গ্রেপ্তারে বাহিনীটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনগণের কাছে ভেজালমুক্ত খাদ্যসামগ্রী সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে বাহিনীটি।

র‌্যাব-৯ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দূরপাল্লার পরিবহনে অননুমোদিত স্লিপার কোচ চালু হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রী নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে আসছেন সংশ্লিষ্টরা। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article