আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরল বিদেশি এয়ারলাইন্স, চালু হলো মাস্কাট রুট

আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরল বিদেশি এয়ারলাইন্স, চালু হলো মাস্কাট রুট - Surma Times | Sylhet News

আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরল বিদেশি এয়ারলাইন্স, চালু হলো মাস্কাট রুট - Surma Times | Sylhet Newsসিলেট, ১ সেপ্টেম্বর: দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। মঙ্গলবার সকালে ওমানের সালামএয়ারের একটি ফ্লাইট অবতরণ করে এই বিমানবন্দরে, যার মধ্য দিয়ে চালু হলো মাস্কাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন সেবা।

সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইটটি অবতরণ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজ মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে বলে নিশ্চিত করেন সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।

বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হওয়া উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেটের ফ্লাইট বন্ধ করে দেয় সংস্থাটি। এরপর থেকে বিদেশি কোনো এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। ফলে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে একধরনের শূন্যতা তৈরি হয়েছিল সিলেটে।

সালামএয়ারের ফ্লাইট চালুর মধ্য দিয়ে সেই শূন্যতা কাটল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মাস্কাটের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হওয়ায় সিলেটের যাত্রীদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি যাতায়াতের নতুন সুযোগ তৈরি হলো।

সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসেই ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিনই এই রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে সালামএয়ার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের বিমান যোগাযোগ আরও সহজ ও সম্প্রসারিত হবে, যা প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article