উইমেন্স মডেল কলেজের স্কলারশীপ পাওয়া ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা

উইমেন্স মডেল কলেজের স্কলারশীপ পাওয়া ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা - Surma Times | Sylhet News

উইমেন্স মডেল কলেজের স্কলারশীপ পাওয়া ছয় শিক্ষার্থীকে সংবর্ধনা - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ আগস্ট: এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে পূর্ণ স্কলারশিপ পাওয়া উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীকে বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। মালঞ্চ কমিউনিটি সেন্টারে সকাল এগারোটায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।

ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের সিনিয়র প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন চিফ অ্যাকাউন্টস অফিসার ছালেহ আহমদ। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ জাকিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা বলেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষ্যে অটুট থাকতে হবে। নতুবা স্বপ্নপূরণ সম্ভব নয়। তিনি দ্য অ্যালকেমিস্টের একটি উক্তি উল্লেখ করে বলেন, তুমি যখন কোনো কিছু মন থেকে চাও, তখন পুরো মহাবিশ্ব সেটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। নিশ্চয়ই আল্লাহ কারো সাধ্যের অতীত কোনো দায়িত্ব দেন না। তিনি শিক্ষার্থীদের কলেজ, অভিভাবক, দেশ ও সারা বিশ্বে একদিন বড় অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাসুদ রানা আরও বলেন, সাধারণত এইচএসসির পর শিক্ষার্থীরা নিজ দায়িত্বে উচ্চশিক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু উইমেন্স মডেল কলেজ তাদের ছেড়ে না দিয়ে নার্সিং করছে এবং স্বপ্নের কাছে পৌঁছে দিচ্ছে। ছয় শিক্ষার্থীর স্কলারশিপ পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান এই কলেজের। নারী শিক্ষায় কলেজের পরিকল্পনা ও উদ্যোগ সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সুমাইয়া খান রুবাইয়া, মেরিন জামান রুহি, মুমতাহিনা তানহা, সোহানা আক্তার, আয়শা সিদ্দিকা ও নাফিসা সাব্বির চৌধুরীকে ফুল দিয়ে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।

২০২৫ সালেও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে তাছলিমা খানম ও তাওহিদা বুশরা তালুকদার স্কলারশিপ পেয়েছিলেন। গত বছর আউটস্ট্যান্ডিং ওম্যান লিডার ইন এসটিইএম অ্যাওয়ার্ড বিজয়ী নাবিহা সাব্বির চৌধুরীকেও এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের ম্যানেজার (ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) খন্দকার তুষারুজ্জামান এবং ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জেএমএইচজে ফেরদৌস। খন্দকার তুষারুজ্জামান শেভরনের উদ্যোগ কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নারী শিক্ষার উন্নয়নে কলেজের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার শেভরন বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শেভরনের সামার স্কুল প্রোগ্রামে স্পনসরশিপ না থাকলে এই স্কলারশিপ অর্জন সম্ভব হতো না। গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

অভিভাবকদের পক্ষে সোহানা আক্তারের বড় ভাই সুজন আহমদ ও মুমতাহিনা তানহার পিতা গোলাম কিবরিয়া অনুভূতি প্রকাশ করেন। বক্তব্য রাখেন বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা।

সভাপতি মনসুর আহমদ লস্কর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article