নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে কাজ শুরুর পর কয়েক দফায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ওই দিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দাবি, রোববার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। সকাল ৭টার পর হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়।
তবে শ্রমিকদের দাবি, অসুস্থ ব্যক্তির সংখ্যা আরও বেশি। অসুস্থ কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল এবং নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিকরা জানান, তারা সকাল ৬টার দিকে কাজে যোগ দেন। এর প্রায় এক ঘণ্টা পর কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে গেলে অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দুপুর থেকে রাত পর্যন্ত একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই সেদিন কারখানা ছুটি ঘোষণা করা হয়।
এদিকে শ্রমিকদের অসুস্থতার কারণ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কয়েকজন শ্রমিকের দাবি, শনিবার এক নারী শ্রমিক কারখানায় ‘ভূত’ দেখেছেন বলে জানান। পরে তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর অন্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারখানা কর্তৃপক্ষ ও বেপজার কর্মকর্তারা এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেছেন।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, “রবিবার প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছি। শ্রমিকদের কেউ কেউ ভূত দেখার কথা বলছেন। তবে সচেতন মানুষ হিসেবে আমরা এ ধরনের বিষয় বিশ্বাস করি না। কারখানার বিভিন্ন স্থানে শ্রমিকরা অসুস্থ হয়েছেন। মূলত কী কারণে তারা অসুস্থ হচ্ছেন তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।”
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমে শ্রমিকরা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় রোববারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অসুস্থ ২০ জন শ্রমিককে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, খবর পেয়ে ইডি স্যারসহ কারখানাটি পরিদর্শন করা হয়েছে। সেখানে দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো বিষয় চোখে পড়েনি। শ্রমিকদের মধ্যে ভূত দেখার কথা শোনা গেলেও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে কাজ চলছে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটি রোববার বন্ধ রাখা হয়েছে।
খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, শ্রমিকরা এক ধরনের গ্যাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। তবে কী ধরনের গ্যাস, তা শনাক্ত করা যায়নি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আক্রান্তদের বড় ধরনের কোনো সমস্যা নেই।






