সুনামগঞ্জ: অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামগঞ্জে চারটি পরিবহনের মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদনহীনভাবে চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়মের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫, ৭৬ ও ৭৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় চারটি পরিবহনের মালিককে জরিমানা করা হয়েছে।
জরিমানার মধ্যে বেঙ্গল পরিবহনের মালিককে ৫০ হাজার টাকা, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের মালিককে ৩০ হাজার টাকা এবং ইউরো কোচ পরিবহনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। চার পরিবহনের মালিকের কাছ থেকে আদায় করা মোট জরিমানার পরিমাণ ২ লাখ ১০ হাজার টাকা।
র্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করা, টিকিটের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম না করা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশনা রয়েছে। তবে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব নির্দেশনা মানছে না।
আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জনস্বার্থে পরিবহন খাতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-৯।





