সিলেট, ২২ আগস্ট: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ মো. তোফায়েল (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চা-পাতা বহনকারী একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কের সাহেব বাজার কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) অর্জুন চৌধুরী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানকালে ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮ রেজিস্ট্রেশন নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৪০ বস্তায় থাকা ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
গ্রেপ্তার মো. তোফায়েলের পিতার নাম আলাউর রহমান এবং মাতার নাম হোসনে আরা বেগম। তার স্থায়ী ঠিকানা সিলেটের ওসমানীনগর থানাধীন উনিশ মাইল (কলারাইল) এলাকায়। বর্তমানে তিনি সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন সাগরদিঘীরপাড় এলাকার বাসা নম্বর-১৩, ময়না মিয়ার বাসায় বসবাস করেন।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ২১ আগস্ট মামলা করা হয়েছে। The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





