সিলেট, ২২ আগস্ট: সিলেট নগরীর চৌহাট্টা এলাকা থেকে চুরির দুই মামলার সন্দেহভাজন রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রিদয় আহমদ কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৩, তারিখ-৩ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় এবং মামলা নং-১১, তারিখ-৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তারকৃত রিদয় আহমদ ওরফে ঝাড়ুর পিতার নাম মো. শুকুর মিয়া এবং মাতার নাম হেনা বেগম। তার স্থায়ী ঠিকানা সিলেটের কোতোয়ালী থানাধীন খুলিয়াটুলা গ্রামের নীলিমা-১২/২ নম্বর বাসা।
পুলিশের তথ্যমতে, রিদয় আহমদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় ৬টি মামলা এবং ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর রিদয় আহমদ ওরফে ঝাড়ুকে আদালতে সোপর্দ করা হয়েছে।





