সিলেট, ২০ আগস্ট: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে দুটি হোটেল সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টা ৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইটে ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলের ৬ষ্ঠ তলার ৬১৪ নং কক্ষ হতে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)।
অপরদিকে একই তারিখ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকাস্থ তিতাস হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে।





