গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা চেরী

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা চেরী - Surma Times | Sylhet News

গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা চেরী - Surma Times | Sylhet Newsঢাকা, ১৮ আগস্ট: চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিনে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা খবর ও গুঞ্জন ছড়িয়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে, এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও এরই মধ্যে বিয়ে হয়ে গেছে বলেও দাবি করা হয়। এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার সেই গুঞ্জনের জবাব দিয়েছেন পূজা চেরী।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তাঁকে নিয়ে কোনো তথ্য যাচাই না করে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন তিনি।

পূজা লিখেছেন, কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এসব সংবাদে তিনি বিব্রত ও দুঃখিত বলে জানিয়েছেন।

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা লিখেছেন, ‘বারবার বলতে চাই—আমার এখননো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছিল। ঘনিষ্ঠদের বরাত দিয়ে এরই মধ্যে বিয়ে হয়ে যাওয়ার দাবির কথাও গুঞ্জন হিসেবে উঠে আসে। তবে সেসব প্রতিবেদনে পূজা চেরীর বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। ফলে বিয়ের খবরের সত্যতাও নিশ্চিত করা যায়নি।

এবার নিজেই সেই বিষয়ে অবস্থান জানালেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে পূজা তাঁর আগের একটি সাক্ষাৎকারের কথাও মনে করিয়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

ক্যামেরার সামনে তাঁর সাম্প্রতিক অনুপস্থিতির কারণও জানিয়েছেন পূজা। তাঁর ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তবে বিয়ে নিয়ে বারবার সংবাদ প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি এই অভিনেত্রী। কোনো তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গও সামনে এনেছেন।

পূজা তাঁর পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করেছেন। তাঁর দাবি, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তিনি লিখেছেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তাঁর সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্দান নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article