সিলেট, ১৬ আগস্ট: সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল কেরু কোম্পানির কান্ট্রি লিকার মদসহ সজল দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকার শেভরন কোম্পানির JV 6 পোস্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) মো. জসীম উদ্দিন, এসআই (সশস্ত্র) মো. আনিসুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সজল দাসকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে কেরু কোম্পানির ২১ বোতল কান্ট্রি লিকার মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সজল দাস লাক্কাতুরার মান্ডবপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সুরেন্দ্র দাস ও আলোমনী দাসের ছেলে।
এ ঘটনায় ১৫ আগস্ট এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১২। এতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সজল দাসকে আদালতে সোপর্দ করা হয়েছে।





