সিলেট, ১৬ আগস্ট: সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২টার দিকে ডি ব্লকের ৩৫ নম্বর রোডের ৩ নম্বর বাসার বাইরে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, শাহজালাল উপশহরের ডি ব্লকের ৩৫ নম্বর রোডের ৩ নম্বর বাসার বাইরে একটি বাথরুমের ছাদের ওপর উঠে এসি চুরির চেষ্টা করছিল ওই কিশোর। এ সময় বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বাথরুমের ছাদের ওপর কিশোরটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা ২টার দিকে শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম।





