শাহজালালের মাজারের দানবাক্সে তৃতীয় দফায় টাকা গণনা শুরু

শাহজালালের মাজারের দানবাক্সে তৃতীয় দফায় টাকা গণনা শুরু - Surma Times | Sylhet News

শাহজালালের মাজারের দানবাক্সে তৃতীয় দফায় টাকা গণনা - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ আগস্ট: সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা তৃতীয় দফায় গণনা করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খুলে গণনার কাজ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। পরে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু করা হয়। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনার কাজে অংশ নেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, আগের দুই দফার তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা জমা পড়েছে। এক মাস চার দিন পর দানবাক্স খোলায় বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে জানান তাঁরা। তবে গণনা শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়। নতুন দানবাক্স স্থাপনের চার দিন পর ২২ জুন প্রথম দফায় গণনা করে নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়। প্রথম গণনার ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়। এ সময় একাধিক দেশের মুদ্রাসহ বিভিন্ন সামগ্রীও উদ্ধার করা হয়।

চলতি বছরের ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তাঁর নির্দেশে ১৮ জুন ডেগে সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপন করা হলে স্থানীয় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।

বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হলে সরকার জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয়। তবে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটিকে ‘রুটিন বদলি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

পরে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ২৬ জুন সিলেট সার্কিট হাউসে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

দ্বিতীয় দফার গণনার ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হয়েছে। গণনা শেষে এবার কত টাকা পাওয়া যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article