হবিগঞ্জ, ১৩ আগস্ট: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ভীম লাল দাশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ভীম লাল দাশ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন বুধবার সকাল আটটার দিকে গয়াহরি গ্রামের এক ব্যক্তি জমিতে কাজ করতে যাওয়ার পথে শ্মশানঘাটে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভীম লাল দাশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে শ্মশানঘাট এলাকায় গেলে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া পূর্ব শত্রুতার কারণে কেউ হত্যা করেও ফেলে রাখতে পারে বলে ধারণা অনেকের।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





