চাঁদাবাজি মামলায় অব্যাহতি পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক

চাঁদাবাজি মামলায় অব্যাহতি পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক - Surma Times | Sylhet News

চাঁদাবাজি মামলায় অব্যাহতি পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক - Surma Times | Sylhet Newsঢাকা, ১১ আগস্ট: দেশজুড়ে আলোচিত মিরপুর থানার কথিত চাঁদাবাজির মামলায় অব্যাহতি পেয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার ঢাকা মহানগর যুগ্ম জেলা জজ মেহেদী হাসানের আদালত তাকে এই অব্যাহতি প্রদান করেন।

উল্লেখ্য, দেশের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে সড়ক নিরাপত্তা ও সড়কে বিশৃঙ্খলা নিয়ে সোচ্চার থাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের রোষানলে পড়ে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর কথিত এই মিথ্যা, গায়েবি চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বাসা থেকে গ্রেফতার হন মোজাম্মেল হক চৌধুরী। তাকে এই মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা দায়ের করে কাফরুল থানা পুলিশ।

বিগত ২০২৪ সালে কথিত এক পরিবহন শ্রমিকলীগের নেতা ওবায়দুল কাদেরের সম্মানহানির মামলা দায়ের করেন শাহবাগ জোনের সিএমএম কোর্টে। ইতোমধ্যে তিনি এই দুটি মামলায় অব্যাহতি পেলেও মিরপুর থানার চাঁদাবাজি মামলা নম্বর-১৪(৯)১৮; জিআর-১৫০৬৯/১৯ মামলাটিতে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন তিনি।

আজ আদালতে মামলাটি অব্যাহতির আবেদন করলে মাননীয় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলার বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদী মো. দুলাল আদালতে হাজির হয়ে মামলাটি তিনি করেননি এবং মোজাম্মেল হক চৌধুরীকে তিনি চেনেন না, কখনো দেখেননি বলে আদালতকে জানান।

মিরপুর রোড পরিবহন শ্রমিক কমিটির দুইজন নেতা রহিম ও দেলোয়ার বাদী দুলালকে পরিবহনে চাকুরি দেওয়ার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। এই কাগজকে অপব্যবহার করে পরবর্তীতে মামলাটি দায়ের হতে পারে বলে তিনি মনে করেন। মাননীয় আদালত বাদীর এমন বক্তব্য শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। বাদীর সাক্ষ্য ও জেরা শেষে উপস্থিত জনাব মেহেদী হাসানের আদালত আসামি মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতি প্রদান করেন।

দেশের জনগণের নিরাপদ যাতায়াত, ভোগান্তি থেকে মুক্তির নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম থামিয়ে দিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন, গায়েবি, বাদিবিহীন কথিত চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পাওয়ায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেন। এই মামলায় কারাগারে থাকার দুঃসময়ে পাশে থাকায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article