গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ১১ আগস্ট: সিলেটের গোলাপগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে গোলাপগঞ্জ থানার বরায়া উত্তরভাগ এলাকার পাঁচমাইল বাজারের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জামিরুল রহমান (২৮), রুহুল আমিন (৩০), জুবের আহমেদ (৩৮) ও সোয়েব আহমেদ (২৬)। তাঁদের সবার বাড়ি গোলাপগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাঁরা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। 1xBetসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন তাঁরা।

তাঁদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাঁদের এবং জব্দকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article