সিলেট বিভাগে হামে আরও তিনজনের মৃত্যু, মোট মৃত ১২৫

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫ - Surma Times | Sylhet News

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৫ - Surma Times | Sylhet Newsসিলেট, ৯ আগস্ট: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জের সাড়ে তিন বছর বয়সী এক শিশু, বানিয়াচংয়ের ১৮ বছর বয়সী এক তরুণী এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাস বয়সী এক শিশু রয়েছে। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে রোববার, ৯ আগস্ট, প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নবীগঞ্জ এলাকার সাড়ে তিন বছর বয়সী শিশুটির মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বানিয়াচং এলাকার ১৮ বছর বয়সী তরুণীর মৃত্যু হয়েছে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে। অন্যদিকে, কোম্পানীগঞ্জ এলাকার আট মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮২৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন, মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম রোগী ভর্তি রয়েছেন ২৭১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন আছেন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, ১২১ জন।

এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন, রাগিব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন।

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে সিলেট জেলায় ৪৪ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৬ জন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article