সিলেট, ০৭ আগস্ট ২০২৬: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভুইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে দয়ামীরে বেঙ্গল বাস ও ইউনিক বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে থানাধীন কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩ এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচটির নম্বর ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭। সংঘর্ষে ইউনিক পরিবহনের সাতজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর গুরুতর আহত তিন বছরের এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোরশেদুল আলম ভুইয়া বলেন, “আমি নিজেও কয়েকজন আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে এসেছি।”
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






