সিলেট, ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। তিনি বলেন, অতীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনেও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অবদান ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এম এ মালিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তাদের আদর্শ ও চেতনা ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি, একই সঙ্গে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্য বজায় রাখারও অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন। তিনি বলেন, জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। দেশের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও গৌরবময় ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ইন্সট্রাক্টর (নন-টেক) দেবযানী তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সায়াদ হোসেন সুজন। বক্তব্য রাখেন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান নিপু, সাবেক ছাত্রদল নেতা রাবেল আহমদ, জুলাই আন্দোলনে আহত ফয়জুর রহমান সিফাত ও শাফিন আহম্মেদ, ছাত্রশিবিরের সভাপতি হাফিজুর রহমান এবং কারিগরি ছাত্র আন্দোলনের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি আবু যুবায়ের হোসাইন। স্বাগত বক্তব্য দেন ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রধান ফখরুল ইসলাম চৌধুরী।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।
শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। বরং জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে জাগিয়ে রাখার একটি প্রয়াস হিসেবেও গুরুত্ব পেয়েছে এই আয়োজন, যা ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন আয়োজকরা।





