সিলেট, ৪ আগস্ট: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ডিবি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টা রুখে দিয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ধাওয়া দিয়ে অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে একজনকে আটক করে পুলিশে দেন তারা।
জানা গেছে, সিলেটের মুগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও এলাকার নূর ইসলামের ছেলে ও মদিনা মার্কেট এলাকার নাইসপ্রাইস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের শো’রুম কর্মচারী এমরান হোসেনকে (১৯) ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা করে তিন ব্যক্তি। পরে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে অপহরণকারীদের গাড়ির চালককে আটক করেন এবং গাড়িটি ভাঙচুর করেন।
আটক চালকের নাম মো. সামাদ (২৮)। তার বাড়ি ছালিয়া এলাকায় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই প্রবির। এ ঘটনায় ভিকটিম এমরান হোসেন আহত হয়ে হাসপাতালে চলে যান বলে জানা গেছে।
এমরান হোসেন সিলেটভিউকে বলেন, সোমবার রাতে একদল লোক র্যাব পরিচয় দিয়ে তাঁর কর্মস্থলে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি করেছে বলে তিনি পরে জানতে পারেন। সকালে অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য শো’রুম থেকে বের হলে সাদা রঙের একটি প্রাইভেট কার থেকে নেমে তিনজন লোক তাঁকে জোর করে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে তোলে। কিছুদূর যাওয়ার পর তিনি জোর করে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করেন। এরপর এলাকাবাসী গাড়িটি ধাওয়া দিয়ে আটক ও ভাঙচুর করে এবং একজনকে আটক করে।
ঘটনার নেপথ্যে কী থাকতে পারে, এমন প্রশ্নের জবাবে এমরান হোসেন বলেন, কিছুদিন আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তিনি বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর চাচারা বিয়ের বিষয়টি মানতে পারেননি এবং তারা নানাভাবে তাঁকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছিলেন। এ ঘটনার পেছনে তারাই জড়িত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হাবিব জানান, গাড়িটি জনতা ভাঙচুর করেছে। একজন আটক আছেন। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।





